প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
বকশীগঞ্জে পুলিশের ঝটিকা অভিযান, ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মোঃ আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মারিয়া বেগম ইতির স্বামী রুবেল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশের দাবি, রুবেল মিয়াও মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণ সাপেক্ষ।
এ ঘটনায় গ্রেপ্তার মারিয়া বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪